স্টাফ রিপোর্টার, পায়রা বন্দর:
পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দরের আকাশে শুক্রবার সন্ধ্যায় রহস্যময় এক আলোর রেখা দেখা গেছে। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হঠাৎ আকাশে উজ্জ্বল ও বাঁকানো আলোর রেখাটি চোখে পড়ে স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোর রেখাটির সামনের অংশ প্রথমে অনেকটা রকেট আকৃতির মতো মনে হচ্ছিল। পরে সেই আকৃতি মিলিয়ে গেলেও আকাশে বাঁকানো আলোর রেখাটি কিছু সময় দৃশ্যমান ছিল। এটি চলমান ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ১০ থেকে ১৫ মিনিট দৃশ্যটি দেখা যাওয়ার পর ধীরে ধীরে ম্লান হয়ে অদৃশ্য হয়ে যায়।
উপজেলার সদর ইউনিয়নের খালগোড়া বাজারের বাসিন্দা কামাল মীর জানান, তিনি সরাসরি অদ্ভুত এই আলোর রেখা দেখতে পান এবং তা মোবাইল ফোনে ধারণ করেন।
এদিকে বাহেরচর গ্রামের ওয়াসিম হাওলাদারও একই দৃশ্য দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, “এমন দৃশ্য আগে কখনও দেখিনি। বিষয়টি নিয়ে আমার মধ্যেও কৌতূহল কাজ করছে।”
হঠাৎ এমন অস্বাভাবিক দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করেন।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এটি কোনো উল্কাপিণ্ড বা অলৌকিক কিছু নয়; বরং কোনো রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা স্যাটেলাইট উৎক্ষেপণের পর সৃষ্ট আলোর প্রভাব হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রকেট যখন বায়ুমণ্ডলের উচ্চস্তরে পৌঁছে, তখন এর নির্গত গ্যাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাটিতে অন্ধকার নেমে এলেও আকাশের উঁচু স্তরে তখনও সূর্যের আলো থাকতে পারে। সেই আলো রকেটের গ্যাসের ওপর প্রতিফলিত হলে এমন উজ্জ্বল আলোর আভা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
তবে রহস্যময় আলোর রেখাটি আসলে কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
