মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

রেজ়া পাহলভির জনসমর্থন নিয়ে সংশয়ে ট্রাম্প, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন

রেজ়া পাহলভির জনসমর্থন নিয়ে সংশয়ে ট্রাম্প, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন

ইরানে গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভের মধ্যেই নির্বাসিত যুবরাজ রেজ়া পাহলভির জনসমর্থন নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিক্ষোভকারীদের প্রতি শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন তিনি, তবু পাহলভি আদৌ ইরানের নেতৃত্ব দিতে পারবেন কি না—সে বিষয়ে নিশ্চিত নন ট্রাম্প।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এই আন্দোলনে অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছেন ইরানের প্রাক্তন শাসক রেজ়া শাহ পাহলভির পুত্র, ৬৫ বছর বয়সী যুবরাজ রেজ়া পাহলভি। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে তিনি নির্বাসনে রয়েছেন এবং বর্তমানে আমেরিকাতেই বসবাস করছেন।

বিক্ষোভের জেরে ইরানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতেও বাধ্য হয় খামেনেই প্রশাসন। এই আবহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রেজ়া পাহলভিকে আমার ভালো মানুষ বলেই মনে হয়। কিন্তু তিনি নিজের দেশে কেমন ভূমিকা রাখতে পারবেন, তা আমি জানি না।”

ট্রাম্প আরও জানান, ইরানের সাধারণ মানুষ যদি পাহলভির নেতৃত্ব মেনে নেন, তবে তাঁর তাতে কোনও আপত্তি নেই। তবে এই মুহূর্তে পাহলভিকে পূর্ণ সমর্থন জানাতে তিনি প্রস্তুত নন বলেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প এর আগেও ইরানের বিক্ষোভকারীদের প্রতি বারবার সমর্থন জানিয়েছেন। এমনকি আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে তার পরিণাম নিয়েও ইরানকে সতর্ক করেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও পাহলভির গ্রহণযোগ্যতা ও নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে তাঁর দ্বিধা স্পষ্ট।

সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, রেজ়া পাহলভির সঙ্গে তাঁর সরাসরি দেখা করার কোনও পরিকল্পনা নেই। যদিও পরে খবর পাওয়া যায়, ট্রাম্পের এক দূত যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি। তবে ওই বৈঠকের পরই ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে—পাহলভির নেতৃত্ব নিয়ে কি আদৌ আস্থা পাচ্ছে না ওয়াশিংটন?

ইরানের বর্তমান রাজনৈতিক সংকটে রেজ়া পাহলভির ভূমিকা কতটা কার্যকর হবে এবং আন্তর্জাতিক মহল শেষ পর্যন্ত কাকে সমর্থন দেবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.