পাকিস্তানে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশের এলাকা। স্থানীয় সময় সকাল নাগাদ এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’-এর খবরে জানা যায়, ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধারকাজ শুরু করে।
এদিকে, একই দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনার এক কনভয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আফগান সীমান্তের কাছে ঘটে যাওয়া এই হামলায় ১৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
দুটি হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে নিরাপত্তা সংস্থাগুলি হামলাগুলিকে সন্ত্রাসবাদী তৎপরতার অংশ বলে সন্দেহ করছে।
