নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন অবস্থিত ঢাকায়। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে ভারতের সহকারী হাইকমিশন। এসব সবকটি মিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরই ধাপে ধাপে ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। ঢাকার হাইকমিশনসহ সব সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র। পরিস্থিতির অবনতি হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক মূল্যায়নের ভিত্তিতে নয়, বরং আগাম নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এ পদক্ষেপকে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
