রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।
এর আগে, ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাময়িকভাবে ভিসা কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্মসূচিটি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘জুলাই ঐক্য’।
সংগঠনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে।
এদিকে, একই দিনে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।
