নিজস্ব সংবাদদাতা, মালদা
রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীসভায় স্থান পেলেন মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। সোমবার তিনি রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই হবিবপুর জুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মী ও সমর্থকরা।
এদিন হবিবপুরের কেন্দপুকুর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। জোয়েল মুর্মুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কেন্দপুকুর বিজেপি কার্যালয় থেকে তাঁর ছবি নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলে সাধারণ কর্মীদের পাশাপাশি অংশ নেন বিজেপির উত্তর মালদা জেলার সভাপতি প্রতাপ সিং, হবিবপুর-৩ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুনীল সোরেন, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল চলাকালীন কর্মী-সমর্থকেরা একে অপরকে গেরুয়া আবীর মাখিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাজি-পটকা ফাটিয়ে ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
দলীয় নেতাদের বক্তব্য, হবিবপুরের প্রত্যন্ত এলাকার এক আদিবাসী পরিবারের সন্তান জোয়েল মুর্মুর রাজ্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি এলাকার মানুষের কাছে গর্বের বিষয়। এই সুযোগ করে দেওয়ার জন্য তাঁরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
