মালদা প্রতিনিধ
মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর অঞ্চলের নাড়িদিয়ারা গ্রামে মদের দোকান খোলার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হলেন গ্রামের মহিলারা। বুধবার ঝাঁটা হাতে গ্রামের রাস্তায় মিছিল ও বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগের রাজ্য সরকারের আমলে এই এলাকায় একটি মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়েছিল। বর্তমানে সেই লাইসেন্সের ভিত্তিতে গ্রামের পাশেই মদের দোকান খোলার প্রস্তুতি চলছে বলে তাঁরা জানতে পেরেছেন।
স্থানীয়দের দাবি, যেখানে মদের দোকান খোলার কথা শোনা যাচ্ছে, তার অতি কাছেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্র। তাই শিশুদের শিক্ষার পরিবেশ ও গ্রামের সামাজিক পরিস্থিতির কথা ভেবে তাঁরা কোনওভাবেই সেখানে মদের দোকান খুলতে দেবেন না।
গ্রামের মহিলাদের বক্তব্য, মদের দোকান চালু হলে গ্রামের পরিবেশ নষ্ট হবে। যুবক ও পুরুষদের মধ্যে মদের নেশা বাড়বে এবং তার প্রভাব পড়বে পরিবারেও। অনেক ক্ষেত্রে গৃহস্থের মহিলাদের উপর অত্যাচার বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এদিন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মহিলারা প্রশাসনের কাছে অবিলম্বে ওই এলাকায় মদের দোকান খোলার পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন।
