ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতারা।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন।
তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে তার ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল (শনিবার) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে বলেও জানান তানভীর ইসলাম স্বাধীন।
তিনি আরও বলেন, মাহমুদুর রহমান মান্না সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার শুক্রবার রাত সোয়া ১২টার দিকে জানান, “মান্না ভাই বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। চিকিৎসকরা কয়েকটি পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।”
