ডেস্ক নিউজ:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। আরও ১০টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা রয়েছে।
আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। একে একে ঘটনাস্থলে ২৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আরও ৮টি ইউনিট পথে রয়েছে।
কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
এদিকে বিমানবন্দরে উড্ডয়নের জন্য অপেক্ষারত থাকা বিমানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে যে সমস্ত ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ করবে সেগুলো বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতের কলকাতা বিমানবন্দর পাঠিয়ে দেয়া হচ্ছে
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী ফয়সাল ইকবাল জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের কর্মীরা যতই আগুনে পানি দেয়ার চেষ্টা করছে ততই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।
এদিকে বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।
আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংশ্লিষ্টরা ঢাকায় অবস্থানরত সকল নাগরিককে পানি সরবরাহের জন্য অনুরোধ জানাচ্ছি।
