স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আগামী ১৫ দিন আগের নিয়মে পণ্য খালাস কার্যক্রম পরিচালনা, সিএন্ডএফ এজেন্টদের কর্মচারীদের অকারণে হয়রানি ও অসদাচরণ না করা এবং অভিযুক্ত সুপারকে বন্দর থেকে সরিয়ে নেওয়ার শর্তে কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
এর আগে গত ৩ নভেম্বর সকাল থেকে বিভিন্ন অভিযোগে কর্মবিরতি শুরু করেন সিএন্ডএফ এজেন্ট ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, কাস্টমস কর্তৃপক্ষ তুচ্ছ বিষয়ে ও বিনা কারণে কর্মচারীদের হয়রানি করছে। কোনো ভুলত্রুটি না থাকলেও ইচ্ছেমতো কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা সৃষ্টি এবং আগে না জানিয়ে নতুন নতুন আইন প্রয়োগের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
এছাড়া কাস্টমস কর্মকর্তাদের অশোভন আচরণ ও ক্ষমতার অপব্যবহার, তুচ্ছ অজুহাতে ব্যবসায়িক কার্যক্রমে জটিলতা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে পণ্যের চালানে অতিরিক্ত ট্যাক্স বা জরিমানা আদায় এবং একজন আমদানিকারকের একাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক থাকলে কারণ ছাড়াই সব গাড়ি পানামার অভ্যন্তরে আনলোড করার নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এসব কারণে পণ্য খালাসে বাড়তি খরচ ও ভোগান্তি সৃষ্টি হচ্ছিল বলে দাবি তাদের।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আগামী ১৫ দিন পণ্য খালাস প্রক্রিয়া আগের নিয়মেই চলবে। এ সময় সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের হয়রানিমূলক কোনো কার্যক্রম কাস্টমস পরিচালনা করবে না। পাশাপাশি অভিযুক্ত সুপারকে এ বন্দর থেকে সরিয়ে নেওয়া হবে।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনও একই ধরনের বক্তব্য দিয়ে জানান, কাস্টমস কর্তৃপক্ষ তাদের সব দাবি মেনে নিয়েছে।
এ বিষয়ে সোনামসজিদ কাস্টমস কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ রানার সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল হোসেন গত তিন দিনে পণ্যবাহী ট্রাকের জটের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের পর বন্দরে পণ্যবাহী ট্রাকের খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বন্দরে জায়গা সংকটের কারণে দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ না করানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে যায়।
