স্টাফ রিপোর্টার
সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত এবং বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। ওই নীতিমালায় ডিলার হওয়ার জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এসব শর্ত পূরণ করলেই একজন ব্যক্তি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষর বা সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষি নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রচুর আমবাগান রয়েছে। এসব বাগানে গাছের দূরত্ব পর্যবেক্ষণ করে মাঝখানে আদা, মরিচ ও টমেটোর মতো সবজি চাষ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি আদা রপ্তানিরও সম্ভাবনা তৈরি হবে। অধিক কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণ, বিদেশে রপ্তানি এবং কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ বর্তমান সরকারের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী স্থানীয় কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎপাদন কার্যক্রম, চাষাবাদের পদ্ধতি ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
