স্টাফ রিপোর্টার
জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রবীণ ব্যক্তিরা।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে সমাজের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
