স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি উল্টে আয়েস উদ্দিন (৬০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলে উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাচোল উপজেলার সোনাইচণ্ডী পশুর হাট থেকে গরু কিনে ভটভটিতে করে ১০ জন বাড়ি ফিরছিলেন। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে শরিফুল ইসলামের মৃত্যু হয়।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আহত বাকি আটজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
