স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত এক নারী এবং নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন—জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শিশু মহব্বত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকদের মতে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে শিশুটির ডেঙ্গু পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন। আর শিশু মহব্বত আলী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর একই হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
