স্টপ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার তারাপুর পন্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল (৩৩) এবং তারাপুর মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার।
পুলিশের দাবি, গ্রেপ্তার রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
