স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অসাধু শিকারিদের কাছ থেকে উদ্ধার হওয়া ২৩টি বন্য টিয়া পাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
ইউএনও জানান, সুন্দরপুর ইউনিয়নের সুভাগ উচ্চ বিদ্যালয়ের পাশে ফাঁদ পেতে টিয়া পাখি ধরার খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাখিগুলো সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, বন কর্মকর্তা নাইমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলমসহ সংশ্লিষ্টরা।
