গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মকরমপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—উজ্জল (৬৪), পিতা শৈয়ব আলী এবং তফিজুল ইসলাম ওরফে জেন্টু (৬৫), পিতা তহরুল ইসলাম।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ বোতল চোলাই মদ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পরে জব্দ করা ৪৭ বোতল চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বোয়ালিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ, গোমস্তাপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
