স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি কাজ করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙি নৌকাযোগে জহরপুর ক্যাম্প ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় যাচ্ছিলেন ১১ থেকে ১২ জনের একটি দল। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে গেলে বিএসএফের খানদহ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের খানদহ ক্যাম্পের সদস্যরা ১০ জনকে উদ্ধার করেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
