গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ গোমস্তাপুর শাখার সভাপতি মোরশেদুল ইসলাম সাগর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিতর্ক প্রতিযোগিতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নাহিদ।
বিতর্ক প্রতিযোগিতায় গোমস্তাপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
