শাহিন আলম, স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের সুহৃদ সমাবেশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ গোমস্তাপুর শাখার সভাপতি মোরশেদুল ইসলাম সাগরের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্ব শেষে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং রহনপুর এ.বি. সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক হারুন অর রশিদ টিটো।
এ সময় সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
