স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নদীতে ডুবে মো. ইউসুফ আলী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাদনচক বাজারসংলগ্ন মরা পাগলা মরগাঙ্গি নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী দাদনচক গ্রামের মৃত মো. পলাশ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইউসুফ আলী দাদনচক বাজারসংলগ্ন মরগাঙ্গি নদীর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে শুক্রবার দুপুরে একই উপজেলার সাত্তার মোড় এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সোহান নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সোহান উত্তর উজিরপুর গ্রামের সেলিম রেজার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
অল্প সময়ের ব্যবধানে শিবগঞ্জে নদীতে ডুবে পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও শোক বিরাজ করছে।
