স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মফিজুল হক (৭৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মফিজুল হক (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুল হক ও মনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারাকে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মফিজুল হক ঘরের ভেতরে ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
মফিজুল হকের ছেলের স্ত্রী শাপলা বেগম দাওয়াত শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে শাশুড়ি মনোয়ারা বেগমকে ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় মফিজুল হককে মৃত অবস্থায় এবং মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নিহত মফিজুল হকের ছেলে সেলিম জানান, তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে মায়ের সঙ্গে প্রায়ই তার ঝামেলা হতো। ঘটনার সময় মাকে আঘাত করার পর তার মৃত্যু হলে বাবা আত্মহত্যা করেন বলে তিনি জানান।
এ ঘটনায় প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
