চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন—নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ২৪ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি জানান, প্রজ্ঞাপনটি এরই মধ্যে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব সাময়িক বরখাস্তের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোটিশ পেয়েছি। ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ জবাব দেব।’
অন্যদিকে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা কোনো অন্যায় করিনি। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব।’
এর আগে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালা দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গত ১০ আগস্ট বেলা ১১টার দিকে নাচোল পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক ভবনে তালা দেন। এ সময় নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে তারা বিক্ষোভ করেন। বিভিন্ন স্থানে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে।
তবে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চাইলে সেদিন জানানো হয়, নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি।
দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতা-কর্মী মহিবুর রহমান রাকিব, আহাদ আলী, নুরুল ইসলাম ও সাহাবুল খানসহ অনেকে এ আদেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
নুরুল ইসলাম বলেন, ‘প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় যদি বরখাস্ত হতে হয়, বারবার হলেও অন্যায়ের প্রতিবাদ করব—ইনশাআল্লাহ।’
নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ মাসুদ বলেন, সেদিন বিএনপির অনেক নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ইউপি চেয়ারম্যানরা তাদের বক্তব্যে প্রশাসনকে সতর্ক করেছিলেন। কোনো কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত বা অপমান করা না হলেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের আদেশ হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
