স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মো. রুমন নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভার সিংড়া বিল এলাকার একটি আখক্ষেত থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমন উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে অটোসহ নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর স্ত্রী নাজমা সুলতানা ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
পরে পুলিশ অটোসহ মো. ওয়াসিম, রফিকুল ইসলাম ও ওমর ফারুক নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহতের স্ত্রী নাজমা সুলতানা দাবি করেন, অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁর স্বামীকে অপহরণ করে হত্যা করা হয়েছে। উদ্ধার করা মরদেহের পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে তিনি সেটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া বিল এলাকার আখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তদন্ত শেষে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
