স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে এ ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের পুষ্টি, নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় ফিডিং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রধান শিক্ষকরা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
