স্টাফ রিপোর্টার
টানা দুই মাস ধরে চলা ভয়াবহ লোডশেডিং বন্ধ এবং অতিরিক্ত ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে বক্তারা বিদ্যুৎ পরিস্থিতির জন্য বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ‘ভুতুড়ে’ বিল আদায় বন্ধ করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস, আল বাসরি সোহান, বায়েজিদ আহমেদসহ আরও অনেকে।
