টপ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ির পাশে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে (বয়স আনুমানিক ২ বছর ৬ মাস) এবং একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে বাইরে আনা হলেও ততক্ষণে শিশু দুটির মৃত্যু হয়।
ভোলাহাট থানার ওসি আবুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
