চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর লাওঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত মাসুদ রানা ১০-১২ জন সহযোগীকে নিয়ে এক ব্যবসায়ীর পথরোধ করেন। অভিযোগে বলা হয়, এ সময় ভুক্তভোগীর কাছে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত তার প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাসুদ রানার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আশিক ইকবাল (সুজন) বলেন, "শিক্ষক পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে আইনের বাইরে থাকার সুযোগ নেই। মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
