মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি কথিত ভূয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক পারভেজ আলী (২৫)। তিনি নাচোল উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) ‘চাঁপাইয়ের ছেলে’ নামে একটি ফেসবুক পেজ থেকে নাচোল থানাকে নিয়ে এআই-নির্মিত কথিত ভূয়া ছবি পোস্ট করা হয়। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেকেই পুলিশের বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং অভিযুক্ত পেজের অ্যাডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার সিকিউরিটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। সোমবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
