গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে কমল মার্ডি ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে
