স্টাফ রিপোর্টার
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইনের শিকার হওয়া এক শিশুসহ চার ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেরত যাওয়া চার ভারতীয় নাগরিক। তারা দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিজ দেশে ফিরতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। ফেরত যাওয়া চারজনের মধ্যে একজন শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক রয়েছেন।
জানা গেছে, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষ ফেরত নেয়। বুধবার ফেরত যাওয়া চারজনই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা।
আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জে একজন জিম্মাদারের বাসায় সাত মাসেরও বেশি সময় অবস্থান করতে হয়।
এদিকে, পুশ-ইনের পর গত বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তারা প্রায় তিন মাস কারাভোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে বুধবার তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
