নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুসরাত জাহান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াকুব আলী, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
