স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে সর্বশেষ নিখোঁজ প্রবাসী সাকিরুল ইসলামের মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে পদ্মা নদীতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী রিফাত আলী (১৬) ও রাসেল (১৭)-এর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (তারিখ) বিকেল ৫টার দিকে মহানন্দা নদীর নিমগাছি মোড় এলাকা থেকে, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সাকিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের বাসিন্দা রুহুল আমিনের ছেলে প্রবাসী সাকিরুল ইসলাম মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যান। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে প্রবল স্রোতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা ২৭ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
অন্যদিকে, মঙ্গলবার পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায় সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি ইকরামুল হোসেন জানান, নৌ পুলিশ, সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ উদ্ধার হওয়া প্রবাসী সাকিরুল ইসলামের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
