স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে শূন্যরেখায় ফেলে রেখে চলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এরপর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে পুশ-ইনের উদ্দেশ্যে শূন্যরেখায় এনে রেখে যায়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ায়। বিজিবি সদস্যরা শূন্যরেখার অভ্যন্তরে অবস্থানরত ২৮ জনকে শনাক্ত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তের বিভিন্ন পোস্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। তবে ওই নারী-পুরুষ ও শিশুদের আশপাশে কোনো বিএসএফ সদস্যকে দেখা যায়নি।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, তিনি ভোর ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় বিজিবির কঠোর নিরাপত্তা ও টহল কার্যক্রম লক্ষ্য করলেও শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পাশে কোনো বিএসএফ সদস্যকে দেখতে পাননি।
এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
