স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও পৌর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ (১৬) এবং জেলা শহরের পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে মো. মুনিরুল ইসলাম (৪০)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর থানা পুলিশ জানায়, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে কিশোর মিরাজ ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি আমবাগানে আম প্যাকেজিংয়ের কাজ করছিল। এ সময় হঠাৎ ঝোড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে একইদিন, বিকেল ৩টার দিকে সদর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা কলোনিতে বজ্রপাত হলে নিজ বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে খাকার সময় মুনিরুল ইসলাম মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলই পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
