চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা । তবে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোয়ালবাড়ি গ্রামে বসবাস করছিলেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে একজনকে আটক করে ডাক-চিৎকার দেন। পরে স্থানীয় উত্তেজিত জনতা গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে মারধর করে গুরুতর আহত করে।গুরুতর আহত অবস্থায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি ইকরামুল হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
