স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ চাচাতো ভাইসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই গ্রামের কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও চাচাতো ভাই। এছাড়া নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ২ বছর বয়সী ছেলে আসমাউল হোসেনও পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকার পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে উদ্ধারের চেষ্টা করে জুবায়ের। একপর্যায়ে দুই চাচাতো ভাইই নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, নাচোল উপজেলার টাকাহারা গ্রামে নিজ বাড়িতে খেলার সময় বালতির পানিতে পড়ে যায় শিশু আসমাউল হোসেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আগেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানা ও নাচোল থানা পুলিশ পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
