স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নতুন আলীডাঙ্গায় বিশ্বশান্তি কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের নীলা কীর্ত্তন ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।
উৎসব অঙ্গন নতুন আলীডাঙ্গায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. তড়িৎ কুমার সাহা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্ত্তন, পূজা-অর্চনা ও মহাযজ্ঞের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের প্রশংসা করে বলেন, মানবকল্যাণ, সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, আগামীকাল দুপুরে পূঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী এ মহাযজ্ঞ ও নীলা কীর্ত্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আয়োজক কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
