স্টাপ রিপোর্টার আব্দুল বাতেন, টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরসিয়া স্কুলপাড়া গ্রামের হরেকমাল ব্যবসায়ী নজরুল ইসলাম। তিনি মৃত সহীমুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার এক ছেলে, যিনি বাবার সঙ্গে হরেকমালের ব্যবসায় সহযোগিতা করতেন।
নজরুল ইসলাম ছিলেন পাঁচ সন্তানের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। একদিকে পরিবারের ভরণপোষণের অনিশ্চয়তা, অন্যদিকে আহত ছেলের চিকিৎসা ব্যয় নিয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা।
নিহতের ছোট ছেলে জানান, বাবার আয়ে কোনোমতে চলত তাদের সংসার। এখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।
এদিকে স্থানীয় এলাকাবাসী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, হরেকমাল বিক্রি করেও নজরুল ইসলাম তার এক সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন। পরিবারের স্বচ্ছলতার জন্য অন্তত ওই সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তারা।
খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর নির্দেশনায় সোমবার দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
পরে মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
ডা. নাহিদুজ্জামান সুমন বলেন, “দুর্ঘটনায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি।”
স্থানীয়রা জানান, দুঃসময়ে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহযোগিতার আশ্বাসে পরিবারটি কিছুটা সাহস পেয়েছে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে শিবগঞ্জের হরেকমাল ব্যবসায়ী নজরুল ইসলামও ছিলেন। একই ঘটনায় তার ছেলে আহত হন।
