স্টাফ রিপোর্টার
শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. আশরাফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক) ড. সাইমুম পারভেজ।
সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তসিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বাবু, পৌর বিএনপির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
