নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। টনপ্রতি শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলারে নির্ধারণ করে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী অনলাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় উভয় পক্ষ মঙ্গলবার সকাল থেকে পাথর আমদানি পুনরায় চালুর বিষয়ে একমত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
এর আগে গত ১৭ মে রবিবার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই দেশের ব্যবসায়ীরা পাথর আমদানির জটিলতা নিরসন এবং বন্দরভিত্তিক বাণিজ্য স্বাভাবিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ।
পরবর্তীতে সোমবারের জুম বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়নের সরকারি মূল্য টনপ্রতি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৪ ডলার নির্ধারণে ভারতীয় রপ্তানিকারকরা সম্মতি দেন।
আরিফ উদ্দিন ইতি জানান, “সভায় প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও জানান, এর আগে ভারতীয় রপ্তানিকারকরা ১৫ ডলারের নিচে পাথর রপ্তানিতে অনাগ্রহ দেখালে এবং বাংলাদেশি আমদানিকারকরা ১৩ ডলারের বেশি দামে আমদানিতে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়। এতে বন্দর দিয়ে পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
এদিকে আমদানি পুনরায় চালুর সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে বন্দরের কার্যক্রম আবার সচল হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আমদানি পুনরায় শুরু হওয়ায় তাদের মধ্যেও স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা দ্রুত সময়ের মধ্যে পাথরবাহী ট্রাক প্রবেশ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
