চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত উজিরপুর ইউনিয়নের উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমির খাজনা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ থাকা এই খাজনা চালুর উদ্যোগ নিতে মাঠ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। সোমবার (১৮ মে) দুপুরে তিনি এলাকাটি পরিদর্শন করেন। এ সময় জমির শতাধিক মালিক উপস্থিত ছিলেন।
ভূমির মালিক আব্দুল আওয়াল, সাদিকুল ইসলাম, শামসুল ইসলাম, রবিউল ইসলাম, নাজির হোসেন, আব্দুল মালেক ও আলী হোসেনসহ উপস্থিত ভুক্তভোগীরা জানান, ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে নদীভাঙনে উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমি বিলীন হয়ে যায়। পরে ২০০৫-২০০৬ সালের দিকে জমিগুলো আবার জেগে উঠলে মালিকরা সেখানে চাষাবাদ শুরু করেন। বর্তমানে এসব জমিতে আম, বরই, কলা, ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে।
তারা আরও জানান, জমির খাজনা দিতে গেলে হঠাৎ করেই জানতে পারেন যে জমিগুলো ‘সিকস্তি’ পর্যায়ে থাকায় খাজনা গ্রহণ করা হচ্ছে না। এরপর বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান না পেয়ে তারা স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হন।
ভূমি মালিকদের দাবি, খাজনা আদায় বন্ধ থাকায় জমির জরিপ কার্যক্রমও জটিল হয়ে পড়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ জমির খাজনা আদায় না হওয়ায় রাষ্ট্রের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এই দুই মৌজার জমির খাজনা চালুর জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মাঠ পরিদর্শনকালে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “এই দুটি মৌজার কয়েক হাজার বিঘা জমির শত শত মালিক দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। নিজেদের জমির খাজনা দিতে না পারা অত্যন্ত দুঃখজনক।” তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এ সময় তিনি ব্যক্তিমালিকানাধীন সকল জমির খাজনা পুনরায় চালু করতে ভূমি মালিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
