স্টাপ রিপোর্টার
ভারতীয় রপ্তানীকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশের পাথর আমদানিকারকদের মধ্যে তীব্র হতাশা দেখা দিয়েছে। শুল্কায়নের জন্য নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু কমানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় পাথর আমদানি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, ফল আমদানির মতোই পাথর আমদানিও দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেতে পারে।
জানা গেছে, গত ১ মে থেকে ভারতের মহদীপুর রপ্তানীকারক অ্যাসোসিয়েশন পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করে। এর প্রতিবাদে বাংলাদেশের আমদানিকারকরা টানা ১৪ দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন।
এতে করে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বন্দরে কর্মরত প্রায় ৮ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সোনামসজিদ স্থলবন্দর প্রায় স্থবির হয়ে পড়েছে। এক সময়ের ব্যস্ত বন্দর এখন অনেকটাই নীরব। পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় পুরো এলাকায় বিরাজ করছে সুনসান পরিবেশ।
তথ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে প্রতিদিন ভারত থেকে গড়ে ১,০০০ থেকে ১,২০০ ট্রাক পণ্য আসত। ফল আমদানি বন্ধ হওয়ার পর তা অর্ধেকে নেমে আসে। এর মধ্যে প্রায় ৪০০ ট্রাকে পাথর আমদানি হতো। কিন্তু পাথর আমদানি বন্ধ থাকায় বর্তমানে ট্রাক সংখ্যা নেমে এসেছে ১০০’র নিচে।
গত ১২ মে ভারত থেকে মাত্র ২৬টি ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরদিন আসে ৫৬টি ট্রাক। আর ১৪ মে বিকেল ৪টা পর্যন্ত এসেছে ৭১টি ট্রাক।
আমদানিকারক প্রতিষ্ঠান আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, “লোকসান দিয়ে কেউ পাথর আমদানি করতে চাইছে না। বাড়তি মূল্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমদানি বন্ধ রাখবো।”
অপর আমদানিকারক সাইফুল ইসলাম জানান, আমদানিকৃত পাথরের ২০-৩০ শতাংশ নিম্নমানের হওয়ায় ব্যবসায়ীরা আগেই ক্ষতির মুখে থাকেন। তার ওপর বাড়তি শুল্কায়ন মূল্য দিলে লোকসান আরও বাড়বে।
এদিকে, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাথর রপ্তানির ক্ষেত্রে টনপ্রতি ১৫ ডলার অ্যাসেসমেন্ট ভ্যালুই বহাল থাকবে। রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ায় এই মূল্য কমানো সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে বন্দর কার্যক্রম, শ্রমিকদের জীবিকা এবং সরকারের রাজস্ব—সবকিছুই বড় ধরনের সংকটে পড়বে।
