স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ)।
বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাতে সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি জয়নাল টুলু (৪৫), পিতা মৃত ইসরাইল হক, একই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ১২ মে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, জয়নাল টুলু তার বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযানকালে জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতর রাখা ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ধৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
