চাঁপাইনবাবগঞ্জ, ১৩ মে ২০২৬:
চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্ত এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে গভীর রাতে চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯,৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (Tapentadol) জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল প্রকার চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
