গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) এর অধীন দুটি কোম্পানির ছয়টি বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছেন।
টহলে অংশ নেওয়া বিজিবি সদস্যরা জানান, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার কারণে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
