চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন এবং দীর্ঘ যাতায়াতের ভোগান্তি কমাতে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
বুধবার (০৬ মে) বিকালে নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরে এই উদ্যোগের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি সদর উপজেলার নারায়ণপুর ও চর আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের জন্য স্ট্রেচার, এবং প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স।
এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। অসহায় রোগীদের বহনের জন্য নিযোগ দিয়ে রাখা হয়েছে একজন মাঝিকেও পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে বলে জানা যায়।
পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কথা বলে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা পাওয়া যেত না, অনেক সময় অতিরিক্ত ভাড়াও দিতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে।
সদর উপজেলার নারায়নপুর গ্রামের সাদ্দাম আলী জানান,
পদ্মার নদীভাঙন কবলিত ও সীমান্তবর্তী ইউনিয়ন হিসেবে পরিচিত চর-আলাতুলি ও নায়ারণপুর এলাকা। চাঁপাইনবাবগঞ্জ শহরে চিকিৎসা সেবা নিতে আসার জন্য এই ইউনিয়নের জনপদের একমাত্র ভরসা নৌকা। কিন্তু মুমূর্ষু অবস্থায় সময়মতো নৌকাও পাওয়া যায় না। আবার নৌকা পেলেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল এই অঞ্চলের মানুষ।
একই এলাকার মোরশেদ আলী জানান,
অ্যাম্বুলেন্সটি তৈরিতে মাঝারি সাইজের নৌকা ব্যবহার করা হয়েছে এবং একজন মাঝিকে নিয়োগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের এই দুই ইউনিয়নের মানুষদের নৌ- অ্যাম্বুলেন্স ব্যবহার করতে গুনতে হবে না অ্যাম্বুলেন্স ভাড়া। অ্যাম্বুলেন্সটির তেল ও মাঝির বেতনসহ সবকিছুই সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে বহন করার ঘোষণা দেয়ায় তারা দারুন খুশি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চরাঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট লাঘব করবে।
এইসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর,জেলা প্রকাশনা সম্পাদক প্রফেসর শহিদুল্লাহ, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমূখ।
Yahoo Mail: Search, Organize, Conquer
