স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে দায়ের করা মামলায় জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সরকারি কর্মসূচির অনুকরণে নিজেরা তৈরি করা ভুয়া ভিজিএফ কার্ডের মাধ্যমে অর্থের বিনিময়ে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এর আগে গত ১২ এপ্রিল এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা সদরের পলশা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেসমিন বেগমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ধাইনগর এলাকার কিছু ভুক্তভোগী নারী-পুরুষ থানা চত্বরে জড়ো হন। তারা তাদের দেওয়া অর্থ ফেরত অথবা জেসমিনকে মুক্তির মাধ্যমে পাওনা বুঝে দেওয়ার দাবি জানান। পরে স্থানীয় নেতৃবৃন্দ তাদের শান্ত করে বাড়ি পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় এজাহার দায়ের করা হয়। এর ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তরা খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছিলেন, যা বৈধ কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।
