স্টাফ রিপোর্টার,
চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক ফিডিং কর্মসূচির খাবার খেয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরের আগে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়। তবে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি বমি ভাব, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন ধরেই তাদের নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিল। বুধবার সেই খাবার খাওয়ার পর হঠাৎ করেই প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ২-৩ জন বিদ্যালয়ে ফিরে এলেও অধিকাংশ শিক্ষার্থীকে পরিবারের সদস্যরা বাড়ি বা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা অভিযোগ করে বলেন, নিম্নমানের খাবার সরবরাহের কারণেই শিশুদের এমন অবস্থার সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত মানসম্মত ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত ডিম ও পাউরুটি সরবরাহ করে আসছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি। বুধবার ওই খাবার খাওয়ার পর ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন বিদ্যালয়ে ফিরে এলেও বাকিদের পরিবার নিয়ে গেছে।
অন্যদিকে, অভিযুক্ত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খাবারের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হবে বলে তিনি জানান।
