স্টাফ রিপোর্ট
চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কয়েকজন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত তিন শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ঘটনাটি ঘটে শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতাধীন কানসাট সোলেমান ডিগ্রি কলেজের ৮ নম্বর কক্ষে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের চারজন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালেও তিনি তা উপেক্ষা করে একই প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করেন বলে অভিযোগ।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন— মো: তাহমিদুর রহমান, মো: তামিম ইকবাল, মো: নাইম হোসেন ও মো: তোমিজ উদ্দীন। তারা সবাই ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী। একই উপজেলার রানীনগর উচ্চ বিদ্যালয়ের আরও চারজন পরীক্ষার্থীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরীক্ষার্থী তাহমিদুর রহমান জানান, বহুনির্বাচনী অংশে সঠিক প্রশ্ন পেলেও সৃজনশীল অংশে ভুল প্রশ্ন দেওয়া হয়। বিষয়টি জানানো হলেও কক্ষ পরিদর্শক গুরুত্ব দেননি, বরং প্রতিবাদ করলে গালিগালাজ করে সেই প্রশ্নেই পরীক্ষা দিতে বলেন। পরবর্তীতে হল সুপার ও কেন্দ্র সচিবের কাছেও অভিযোগ জানানো হলে তারাও একই আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
অন্য পরীক্ষার্থী তোমিজ উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০২৫ ও ২০২৬ সালের সিলেবাস ও প্রশ্নের কাঠামো ভিন্ন হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এর দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই।”
তামিম ইকবাল বলেন, “এ ঘটনায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত প্রতিকার না পেলে আমাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। কেন্দ্রের হল সুপার আব্দুস সাত্তার দাবি করেন, নিয়ম মেনেই প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং শিক্ষার্থীরাই নাকি ২০২৫ সালের প্রশ্ন চেয়েছিল।
কেন্দ্র সচিব ও কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, “এটি ভুল নয়। পরীক্ষার্থীদের জন্য দুটি সিলেবাসে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন।”
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে অভিযুক্ত কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
উল্লেখ্য, চলতি বছর শিবগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ১,৬০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
